ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পাইয়ে দিয়েছেন কিনা, তা নিয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন সাংবাদিকদের জানান, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়ার পর কমিশন প্রাথমিক তথ্য যাচাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।
ক্লিনিক্যাল সাইকোলজিতে শিক্ষিত সায়মা ওয়াজেদ পুতুল যুক্তরাষ্ট্রে স্কুল সাইকোলজিস্ট হিসেবে কাজ করেছেন। তার মা শেখ হাসিনা তাকে অটিজম ও নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বিষয়ক বাংলাদেশ জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসনের দায়িত্ব দেন। পরবর্তী সময়ে ডব্লিউএইচও-র মানসিক স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ উপদেষ্টা প্যানেলের সদস্যও করা হয়।
২০২৩ সালের নভেম্বরে ভারতের নয়াদিল্লিতে ডব্লিউএইচও-র আঞ্চলিক কমিটির ৭৬তম অধিবেশনে তিনি দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হন এবং ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে তিনি দিল্লিতে অবস্থান করছেন।
দুদক জানায়, শেখ হাসিনা তার ক্ষমতা ব্যবহার করে যোগ্যতা না থাকা সত্ত্বেও তার মেয়েকে আঞ্চলিক পরিচালক পদে বসানোর অভিযোগ রয়েছে। এছাড়া, পুতুলের বিরুদ্ধে তথ্য গোপন ও ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে প্লট বরাদ্দের অভিযোগে দুদক একটি মামলা দায়ের করেছে।
শেখ হাসিনার সরকারের পতনের পর তার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে, যেখানে তার মেয়ে পুতুলের বিরুদ্ধেও একাধিক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
0 মন্তব্যসমূহ